ইজিবাইক পেয়ে ভাগ্য বদলের আশায় বালাগঞ্জের আরও ১০টি পরিবার

Facebook
Twitter
WhatsApp

একসময় বেকারত্ব আর ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন অতিদরিদ্র বদরুল, নাজিম, ইলিয়াসসহ অনেকে। এখন তারা স্বাবলম্বী। মাসে হাজার হাজার টাকা আয় করে অনেকটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন মুনতাদা এইড ইউকে’র অর্থায়নে ও আমান’র ব্যবস্থাপনায় গত বছর ব্যাটারিচালিত ৭টি ইজিবাইক (টমটম) পাওয়া এসব পরিবার এখন স্বাবলম্বী।

মুনতাদা এইড ইউকে’র অর্থায়নে ও আমান’র ব্যবস্থাপনায় দারিদ্র্য দূরীকরণে স্বাবলম্বী প্রকল্পের আওতায় বালাগঞ্জে এবার সুবিধাবঞ্চিত আরও ১০টি পরিবারকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) প্রদান করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিকের সার্বিক তত্ত্বাবধানে আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে এসব ইজিবাইক বিতরণ করা হয়।

শাহাপুর গ্রামের পিতৃমাতৃহীন সার্জনের এতিম সন্তানদের পাশাপাশি স্থানীয় আরব আলী, কয়েছসহ অতিদরিদ্র ১০টি পরিবার বিনামূল্যে ইজিবাইক পেয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে। আশা করা যাচ্ছে, এসব ইজিবাইক (টমটম) চালিয়ে তারা জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিশুদের পড়ালেখার মতো গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ করতে পারবে।

স্থানীয় শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইজিবাইক বিতরণ অনুষ্ঠানে মুনতাদা এইড ইউকের সিইও, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, আমান’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য আশিকুর রহমান আশিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪