অবসর গ্রহণ উপলক্ষে শিক্ষক রায়না বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান

Facebook
Twitter
WhatsApp

একই বিদ্যালয়ে একটানা দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়না বেগম। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁর শেষ কর্মদিবসে অবসর গ্রহণ উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।

গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, উত্তর সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তালুকদার, সাদেকপুর টাহারবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ দাস, মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব দাস, বিকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, পূর্ব ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস শাহ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, সাবেক ইউপি সদস্য আবুল মতিন, বিশিষ্ট সমাজকর্মী জুলেখ মিয়া, যুবসমাজের পক্ষ থেকে তুফায়েল আহমদ বাবু ও রাজু আহমদ, শিক্ষক দিপংকর দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিতারানী দাস এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উপমা দাস প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাজমুল ইসলাম সুরমান। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হোসাইন আহমেদ জাহিদ। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষিকা অর্পা রাণী দাস।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪