বিশ্বনাথে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ৩৭ জনের নামে হত্যা মামলা : গ্রেপ্তার ৩

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মনফর আলী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মনফর আলী মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

​এই ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩২ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১০)। গতকাল বুধবার (২১ অক্টোবর) নিহতের স্বজন ও স্থানীয় হযরত শাহজালাল রহ. লতিফিয়া উকিলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক মো. রাজিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের মৃত শামসুল হক সম্বু মিয়ার ছেলে খালেদ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

​ঘটনার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেপ্তার ৩ জন হলেন, মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯) ও শাহিন মিয়া (২৭) এবং তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)।

​স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর পূর্বশত্রুতার জের ধরে মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহজাহান মিয়ার পক্ষের মনফর আলী মারাত্মক আহত হন। পরে, তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​মামলা দায়ের ও ৩ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪