মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশে তৈরি হওয়া মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সরকার সব ধরনের আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের ড্রোন দেশে আনার পরিকল্পনা রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা বাড়ানো হবে। এ লক্ষ্যে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক প্রযুক্তিতে আরও সক্ষম করে তোলা হচ্ছে।

এর আগে একদিনের সফরে মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত এক সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪