সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় লোকজন দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যুর খবর আসে।
দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪। সিএনজিচালিত অটোরিকশাটির নম্বর মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩।
এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই দুর্ঘটনার ১৫ দিনের মাথায় একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটল।





