সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও দুজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।
এ ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






