গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুম্মান আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশ সময় সোমবার (১৩ জুলাই) দিবাগত মধ্যরাতে এথেন্সের স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
রুম্মান আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মুতলিবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে গ্রিসে পাড়ি জমান রুম্মান আহমদ। একসময় সেদেশের রেসিডেন্সি কার্ডও পান। কাজ করতেন একটি রেস্টুরেন্টে। গতরাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, টগবগে যুবক রুম্মান আহমদের মৃত্যুর খবর তাঁর পরিবারে এসে পৌঁছার পর থেকেই চলছে শোকের মাতম। পিতৃহারা সন্তান রুম্মানকে হারিয়ে কান্না থামছে না তাঁর মায়ের। গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
রুম্মান আহমদের চাচাতো ভাই শানুর আলী বলেন, তাঁর মরদেহ দেশে আনতে চায় পরিবার। সেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।





