ওসমানীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে তাজপুরের মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মারুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত, তাজপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ভট্টাচার্য প্রমুখ।
আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয়ের পাশাপাশি কিশোরীদের বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়েও আলোকপাত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিশোরীদের বয়োঃসন্ধিকালীন জরুরি স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তিনদিন ব্যাপী কার্যক্রমের সমাপনী দিনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো।






