দীর্ঘ বিরতির পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

দীর্ঘ বিরতির পর আবারও সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (৫ জুলাই) যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে ইউকের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে নিয়মিত যাত্রীসেবা ফের চালু হলো।

প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমানবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে এ সেবা যেন আর বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

তিনি জানান, সিলেট থেকে কক্সবাজারে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়েও আলোচনা চলছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এ রুটে ফ্লাইট চালুর আশা করছে সরকার।

মন্ত্রী আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। উন্নয়নকাজ শেষ হলে বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সও সিলেটে সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে। পাশাপাশি সিলেটকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য প্রসঙ্গে আফরোজা খানম বলেন, ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে। দীর্ঘদিনের কিছু অব্যবস্থাপনা দূর করতে সময় লাগলেও প্রবাসীদের দুর্ভোগ কমাতে সরকার আন্তরিক।

এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যোগাযোগ আরও সম্প্রসারিত হলে সিলেট-গোয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভারতের অন্যান্য শহরের সঙ্গেও আকাশপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হতে পারে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও সহজ হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, দীর্ঘদিনের অপেক্ষা ও প্রবাসীদের জোরালো দাবির পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশার এ রুটটি পুনরায় চালু হয়েছে। প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের উদ্যোগে দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪