ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী এক ছেলে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।

হামলার সময় কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।

ঘটনার পর রোম পুলিশের বিশেষ তদন্ত ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে ব্যাপক তদন্ত ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪