খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ৩ গুণী শিক্ষককে আবেগঘন সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

এক অনন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ওসমানীনগরের ঐতিহ্যবাহী খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়। অশ্রুসজল নয়নে ও বর্ণাঢ্য আয়োজনে প্রিয় ৩ শিক্ষককে একসাথে দেওয়া হলো অবসরজনিত ও মরণোত্তর বিদায় সংবর্ধনা। গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিদ্যালয় হলরুমে গুণী এই ৩ শিক্ষককে শ্রদ্ধা ও উপহারের ডালি সাজিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনার আয়োজন করেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

অবসরজনিত বিদায় সংবর্ধনায় ভূষিত হয়েছেন সিনিয়র শিক্ষক বাবু সুকুমার সরকার, যিনি এই বিদ্যালয়ে টানা ৪২ বছর শিক্ষকতায় কাটিয়েছেন। আর মরণোত্তর বিদায় সংবর্ধনা পেয়েছেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান চৌধুরী ও সিনিয়র শিক্ষক মো. তারা মিয়া।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুকের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র দৈনিক জালালাবাদ’র চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ফয়সল আহমদ, আব্দুল জলিল, ছোরাব আলী, বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক ও নবম শ্রেণির ছাত্রী তিন্নি আক্তার।

বিদায়ী শিক্ষকদের উদ্দেশে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আলবাব মোস্তফা খান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান শায়খে কলুমা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪