শাহজালাল মাজারে ট্যুরিস্ট পুলিশ, দানের ডেগে সিলগালা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার-এ নিরাপত্তা জোরদার ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে মাজার এলাকায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দানের তিনটি ডেগে সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি প্রতিরোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় তারা কাজ করবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত দানের তিনটি ডেগে সিলগালা করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। এসব দানবাক্সের নিরাপত্তায় আনসার সদস্যও মোতায়েন রয়েছে।

আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) মাজার এবং হযরত শাহপরাণ (রহ.) মাজার দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকের অন্যতম গন্তব্য। প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে এসব পবিত্র স্থানে।

ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত বলেন, শাহজালাল (রহ.) মাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, মাজার এলাকায় ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি এবং প্রশাসনের নতুন দানব্যবস্থার ফলে দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান যেমন বাড়বে, তেমনি দান-সংক্রান্ত অর্থ ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা নিশ্চিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪