আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৭ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া পরীক্ষার হলে নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।
বোর্ডের অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডব্লিউ। এসব মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।








