ইসলামী ব্যাংক ইস্যুতে গ্রাহক ফোরামের ৭ দাবিতে একমত গভর্নর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উত্থাপিত সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নুর উন নবী।

বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংগঠনের নেতারা।

পরে সদস্যসচিব মোতাছিম বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংকের ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষে মঙ্গলবার গভর্নরের কাছে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে গভর্নর পরদিন ফোরামের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সংগঠনের আহ্বায়ক নুর উন নবী বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়, যিনি কোনো আর্থিক কেলেঙ্কারি বা নৈতিক প্রশ্নের সঙ্গে জড়িত। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, নৈতিক, আদর্শিক ও দলনিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হলে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরবে এবং দেশের ব্যাংকিং খাতে ইতিবাচক বার্তা পৌঁছাবে, যা ইসলামী ব্যাংকের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

গ্রাহক ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে— সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ২০১৭ সালে হারানো মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, এস আলমসহ অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ব্যাংকবিরোধী অপপ্রচার রোধ, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক কোম্পানি আইন সংশোধন এবং জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বিষয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার।

সংগঠনটির দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে ইসলামী ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪