হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করে তার মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সম্প্রতি এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন। পরে তাকে প্রকাশ্যে এনে মাথার চুল কেটে বিশেষ ধরনের নকশা করা হয়, যা আর্জেন্টিনার জাতীয় পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। পরে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে অপরাধ দমনে ব্যতিক্রমী শাস্তি হিসেবে উল্লেখ করলেও অনেকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে এর সমালোচনা করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাই সঠিক পদ্ধতি।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও বিচার ও শাস্তি দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ধরনের ঘটনায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
ওসি জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






