হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের নামে আয়োজিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গ্রামের যুবকদের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিলের নামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনা দল ২-০ গোলে জয়লাভ করলে সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হলেও বুধবার দুপুরে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









