রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ এলাকা পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের যুক্তরাজ্যপ্রবাসী দুই কর্মকর্তা।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ‘আত্ব-তাকওয়া প্রকল্প’-এর ফাউন্ডার ও কোষাধ্যক্ষ, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হক আবু এবং ফাউন্ডেশনের ফাউন্ডার ও ‘আত্ব-তাকওয়া প্রকল্প’-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মিরাজ নানু মিয়া সোমবার (১ জুন) দুপুরে প্রকল্পটি পরিদর্শনে আসেন।
এ সময় তারা রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং হোম ও নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা’ প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূর রহমান চৌধুরী শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইদ্রিস, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল এবং সাংবাদিক এম এ কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প পরিদর্শন শেষে প্রবাসী নেতৃবৃন্দ জানান, বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং হোম ও নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা’সহ চলমান প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হবে।
উল্লেখ্য, ১শ’ ৫০ শতক জমির ওপর রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর এবং গত ১২ মে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।







