সিলেটে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে এক সন্তানের জননী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা (প্রায় ২৯)। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহিদুল ইসলাম ছদরুল ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে স্ত্রী মোহনাকে মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহনাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত দম্পতির আবির নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম ছদরুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।






