কিশোর বয়স থেকেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে বাপ্পী, গড়ে তোলে মাদক-ছিনতাই চক্র

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট নগরীর অপরাধ জগতের দুর্ধর্ষ অপরাধী আসাদুল আলম বাপ্পী কিশোর বয়স থেকেই জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। একাধিকবার গ্রেফতার ও কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সে। নগরীতে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের একটি চক্র গড়ে তোলে বাপ্পী। পুলিশের তালিকাভুক্ত অপরাধী হলেও দীর্ঘদিন আত্মগোপনে থেকে তার কার্যক্রম পরিচালনা করত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাপ্পী কোতোয়ালী থানার কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল হোসেনের ছেলে।

র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (২৩ মে) থানায় মামলা দায়েরের পর আসাদুল আলম বাপ্পীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ দাখিলে বিলম্ব হলে তাকে আগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরে হত্যা মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হবে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, র‌্যাব সদস্য ইমন হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অভিযোগ দাখিল করা হবে। অভিযোগ দাখিলে বিলম্ব হলে বাপ্পীকে আগের মামলায় আদালতে পাঠানো হবে। পরে হত্যা মামলা নথিভুক্ত হওয়ার পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বাপ্পীর বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কোতোয়ালী থানা সংলগ্ন এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী মাদক সেবন করছিল। এ সময় পুলিশের একটি দল অভিযান চালালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্য ইমন আচার্য পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে যান। একপর্যায়ে তিনি ছিনতাইকারী বাপ্পীকে আটকানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় বাপ্পী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় বাপ্পী তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। সেখানে এক শিশুকে জিম্মি করার চেষ্টা চালায় সে। পরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আসাদুল আলম বাপ্পীকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪