বিশ্বনাথে মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Ayas-ali-Advertise
বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত তিনজন।
বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত তিনজন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া ১ম গেইট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে অভিযান চালিয়ে বিল্লাল প্রধানীয়া (৩৫) ও রুবেল আহমদকে (৩০) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটক বিল্লাল প্রধানীয়া চাঁদপুর জেলার মতলব থানার উত্তর উপাদি গ্রামের কেরামত প্রধানীয়ার ছেলে এবং রুবেল আহমদ বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের মৃত আর্শদ আলীর ছেলে।

একই অভিযানে বিশ্বনাথ পৌরসভার টিএন্ডটি রোড এলাকা থেকে গাঁজাসহ খলিলুর রহমানকে (২০) আটক করা হয়। তিনি উপজেলার পুরানগাঁও গ্রামের চমক আলীর ছেলে।

আটকের পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত বিল্লাল প্রধানীয়াকে ৫০০ টাকা জরিমানাসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রুবেল আহমদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং খলিলুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সোমবার (৪ মে) সকালে কারাগারে প্রেরণ করা হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪