দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম, বিশ্বনাথে বর্ণাঢ্য সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

দীর্ঘ ১৭ বছর পর শেষে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি নিজ জন্মভূমি সিলেটের বিশ্বনাথ উপজেলায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিলে রশিদপুর পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখানে ফুলেল সংবর্ধনা শেষে শতাধিক মোটরসাইকেলের বহরে তাকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে যাওয়া হয়।

বিশাল এই শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও পথসভাকে ঘিরে বিশ্বনাথে ব্যাপক উৎসাহ দেখা গেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে।

পরে বাসিয়া সেতু এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জসিম উদ্দিন সেলিম। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের সমর্থন পেলে বিশ্বনাথ উপজেলাকে আধুনিক ও পরিবেশবান্ধব মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তার সঙ্গে দেশে ফিরেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়াও।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪