সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ২টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে জানাজার নামাজে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, সমাজসেবক মিজানুর রহমান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলী ১৯৪০ সালে বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইউসুফ আলী ও ময়না বিবি দম্পতির দ্বিতীয় সন্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে শত্রুমুক্ত করতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে মীর শওকত আলীর নেতৃত্বে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।





