সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার মিয়ারবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রুমন মিয়া (২৪) এবং ভবানীপুর গ্রামের মৃত সুষুধ গোপের ছেলে শ্রীকান্ত গোপ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারবাজারের বদরুল অ্যান্ড কামরুল মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের সিলেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





