বিশ্বনাথে আলোচিত শাহ আলম হত্যাকাণ্ডে মামলা দায়ের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের কোপে শাহ আলম হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে ও নিহতের ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি করেন। মামলা নম্বর ১২।

এর আগে বুধবার উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে মিজানুর রহমান কুড়াল দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কুড়াল উদ্ধার করে।

হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত না হলেও নিহতের পরিবারের দাবি, টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয়দের মতে, অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং অতীতেও টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে সহিংস আচরণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমানসহ এজাহারভুক্ত আরও একজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা তিনজনকেও আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪