সিলেটের বিশ্বনাথে চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ক্রয়-বিক্রয় বন্ধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কমপাউন্ডে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ওসি গাজী মাহবুবুর রহমান জানান, নিজ নিজ এলাকায় সংঘটিত অপরাধ সম্পর্কে সঠিক তথ্য দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। তিনি তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়ে বলেন, যারা চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের তালিকা পুলিশকে দিলে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এককভাবে পুলিশের পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পাশাপাশি, তথ্য দেওয়ার পরও যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, মডেল প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, প্রেসক্লাব সদস্য আহমদ আলী হিরন, আব্দুস ছালাম, ফারুক আহমদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া এবং নতুন বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
এছাড়া সভায় বিশ্বনাথের জনপ্রতিনিধি, তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, নতুন ও পুরাণ বাজারের ব্যবসায়ী নেতারা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





