বিশ্বনাথে সিডস অফ সাদাকাহর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ ও গৃহহীন পরিবারের মাঝে নির্মিত ঘর হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিডস অফ সাদাকাহ’। একইসঙ্গে আরও একটি ঘরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুটি ঘর আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-২ আসনের সাবেক সংসদ পদপ্রার্থী, সমাজসেবী ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী এবং সমাজসেবী মাওলানা আব্দুল মুকসিত আক্তার।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা সিডস অফ সাদাকাহর মতো অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে দারিদ্র্য ও অসহায়ত্ব অনেকাংশে দূর হবে। তারা সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪