সিলেটে হাম আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু, বাড়ছে সংক্রমণ উদ্বেগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটে হাম রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, শিশুটিকে দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে সব চেষ্টা সত্ত্বেও সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ৪৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ। এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে চালু হওয়া এই ইউনিটে ১০টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪