ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া বার্তা দিল বিআরটিএ

Ayas-ali-Advertise
ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া বার্তা দিল বিআরটিএ
ছবি: সংগৃহীত।
ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া বার্তা দিল বিআরটিএ
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে উল্লেখিত শ্রেণির বাইরে অন্য ধরনের যানবাহন চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (৩ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ লাইসেন্স বা হালনাগাদ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি জনসমক্ষে মোটরযান চালাতে পারবেন না কিংবা কাউকে চালাতে দিতে পারবেন না। একই আইনের ধারা ৪(২) অনুযায়ী, লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে অন্য কোনো যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া ধারা ৫(১) অনুযায়ী, যথাযথ অনুমোদন ছাড়া কেউ গণপরিবহন চালাতে বা চালাতে দিতে পারবেন না। এসব বিধান লঙ্ঘন করলে ধারা ৬৬ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিআরটিএ আরও জানায়, এ ধরনের অপরাধে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। এমনকি কোনো চালক শারীরিক বা মানসিকভাবে অযোগ্য প্রমাণিত হলেও তার লাইসেন্স বাতিলের সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে লাইসেন্সবিহীন চালনা, নির্ধারিত ক্যাটাগরি না মেনে যান চালানো, অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে, যা প্রাণহানি ও গুরুতর আহতের ঝুঁকি বাড়াচ্ছে।

এ অবস্থায় সকল চালককে বৈধ লাইসেন্স ব্যবহার ও নির্ধারিত শ্রেণি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পরিবহন মালিকদের চালকদের বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪