সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে লংলাখাল এলাকার ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা অতর্কিতভাবে আবুল কালামের ওপর হামলা চালায়। হামলার সময় লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সালেহ আহমদ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বজনরা আবুল কালামকে হাসপাতালে নিয়ে এলে ইসিজি পরীক্ষার মাধ্যমে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঘটনাটি শুরুতে পুলিশ মামলা হিসেবে না আসায় এটিকে ‘ব্রট ডেথ’ হিসেবে নথিভুক্ত করা হয়। স্বজনরা চাইলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, অভিযুক্ত কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








