আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রীর সংহতির বার্তা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংহতি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আবুধাবিতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর উদ্দেশে হস্তান্তর করা হয়।

চিঠিতে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে আমিরাতের সরকার, নেতৃত্ব এবং জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা তুলে ধরা হয়। সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে, বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের আশ্রয় দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রয়োজনে সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমিরাতের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের জন্য শোক প্রকাশ করেন এবং দেশটিতে অবস্থানরত সব বিদেশির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের সমর্থনের জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

আলোচনায় হুমায়ুন কবির আমিরাতের নেতৃত্বের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন এবং যেকোনো বিরোধের ক্ষেত্রে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও কথা হয়। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ককে দৃঢ় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় বিভিন্ন দেশ সফর করছেন। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নেতাদের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪