বিশ্বনাথে সিদ্ধ বকুলতলা মন্দিরে দুঃসাহসিক চুরি, অভিযোগ দায়ের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবস্থিত ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম মন্দিরে’ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মানিক লাল দে অভিযোগে জানান, গত ২৬ মার্চ রাত ৮টার দিকে মন্দিরের পুরোহিত অনন্ত পাঠক পূজা শেষে মন্দির বন্ধ করে নিজ বাসায় চলে যান। পরদিন (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় রবীন্দ্র দেব নাথ মন্দিরে গিয়ে পুরোহিতের শয়নকক্ষের ভেন্টিলেটর ভাঙা ও ভেতরের দরজাগুলো খোলা দেখতে পান।

চুরির ঘটনায় মন্দির থেকে একটি সিলিং ফ্যান, একটি ইলেকট্রিক কেটলি, একটি ছরতা, একটি প্রেসার মাফার মেশিন এবং মন্দিরের বাইরে থাকা স্টিলের ১৯টি পানির ট্যাপ ও বৈদ্যুতিক তার চুরি হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি জানার পর মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে এবং প্রবাসে অবস্থানরত কমিটির সভাপতি প্রল্লাদ চন্দ্র দেবের সঙ্গে পরামর্শক্রমে জড়িতদের আইনের আওতায় আনতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪