সিলেটের আখালিয়া বড়গুল এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভাতিজাকে শাসন করাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
নিহত মাওলানা যুবায়ের আহমদ (৪৫) ওই এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। অভিযুক্ত নয়ন নিহতের আপন ভাতিজা ও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা নয়নকে অসৎ সঙ্গ ত্যাগের পরামর্শ ও শাসন করতেন মাওলানা যুবায়ের। এ কারণে চাচা-ভাতিজার মধ্যে মাঝে মাঝে বিরোধ দেখা দিত। বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় জমে থাকা পানি যুবায়েরের গায়ে ছিটকে পড়লে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে যুবায়েরের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন:: সিলেটের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের।








