সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আজাদ (২৫)। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে জাতীয় উদ্যান এলাকায় একদল দুর্বৃত্ত মো. আজাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক জানান, খাদিমনগর জাতীয় উদ্যানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:: বালাগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মামলা।








