বিশ্বনাথে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম। সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং মহিলা দলের নেত্রী বিলকিছ বেগম।

বক্তারা বলেন, কন্যাশিশুরা এখন আর পিছিয়ে নেই। তাদের যথাযথ শিক্ষা, নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এ জন্য বাল্যবিয়ে নির্মূলের পাশাপাশি কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪