সিলেটে ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন রিপন

Ayas-ali-Advertise
সিলেটে ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন রিপন
ছবি: সংগৃহীত।
সিলেটে ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন রিপন
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই পুলিশের হাতে ধরা পড়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট শহরের শাহপরাণ এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত যুবক রিপন মিয়া (৩৩), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের আব্দুল হকের ছেলে, বর্তমানে সিলেট শহরের শাহপরাণ থানাধীন উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন। জানা গেছে, সে সময় রিপন মিয়া ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন যে, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা তাকে ছিনতাই করে মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে গেছে। পুলিশের ডিউটি অফিসার পিএসআই মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে রিপনের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ আশপাশে অভিযান চালিয়ে একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে আটক করে।

রিপন জুনেদকে দেখে আক্রমণ করে মারধর শুরু করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। থানায় এসে রিপন মিয়া জুনেদ, আফজল এবং আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। তবে রিপনের বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ । পরে জানা যায় রিপন ও আফজল ওই স্থানে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং পাওনা টাকা নিয়ে ঝগড়া হলে সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন।

এর জেরে রিপন প্রতিশোধের উদ্দেশ্যে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন । পরবর্তীতে পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো ছিল। পরবর্তিতে রিপন মিয়া স্বীকার করেন যে, তার অভিযোগ মিথ্যা ছিল এবং প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি এসব করেছিলেন।

এরপর ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মিথ্যা ছিনতাইয়ের অভিযোগে রিপন নিজেই ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪