ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে গোটা দেশ, তখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফসংবলিত একটি জার্সি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে পাওয়া সেই জার্সি এখন জাতীয় জাদুঘরে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে। ফলে প্রতিদিনই সেটি দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের দর্শনার্থী ও ফুটবল সমর্থকরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আর্জেন্টিনার তিন তারকা—লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের স্বাক্ষরসংবলিত একটি অরিজিনাল জার্সি উপহার পান। ব্যক্তিগত সংগ্রহে না রেখে ফুটবলপ্রেমীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে তিনি জার্সিটি জাতীয় জাদুঘরে প্রদর্শনের জন্য উপহার দেন।
বর্তমানে জার্সিটি জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে প্রদর্শিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এটি একনজর দেখতে জাদুঘরে ভিড় করছেন। অনেকেই স্মৃতিচারণ হিসেবে জার্সির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।
সিলেট থেকে সন্তানকে নিয়ে জাদুঘরে আসা এক দর্শনার্থী জানান, বাবা-ছেলে দুজনই আর্জেন্টিনার সমর্থক। কাছ থেকে মেসির স্বাক্ষরসংবলিত জার্সি দেখতে পেরে তারা দারুণ আনন্দিত।
অন্যান্য দর্শনার্থীরাও বলেন, প্রধানমন্ত্রীর উপহার পাওয়া এমন একটি মূল্যবান স্মারক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ায় তারা খুশি। এতে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্ব ফুটবলের এক অনন্য স্মারক কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
জাতীয় জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা কবির উদ্দিন বলেন, প্রতিদিন শত শত দর্শনার্থী জার্সিটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম জানান, বিশ্বকাপ চলাকালীন জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি জাদুঘরের কোনো স্থায়ী গ্যালারিতে সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ব্রাজিল সমর্থকদের আগ্রহের কথাও বিবেচনায় রাখা হচ্ছে। সুযোগ হলে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষরসংবলিত জার্সিও সংগ্রহ করে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।








