সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে মাঠ প্রশাসনের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন সারওয়ার আলম। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে জেলা প্রশাসনের হস্তক্ষেপকে কেন্দ্র করে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে পুরোনো দানবাক্স ও দানের তিনটি বড় ডেগ সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে সেখানে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন করা হয়।

প্রশাসনের এ পদক্ষেপের পর মাজারসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এর মধ্যে গত শুক্রবার হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শনে গিয়ে জুমার নামাজের আগে মসজিদে বক্তব্য দেন সারওয়ার আলম। তিনি মাজারের আয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করেন এবং মাজার এলাকায় মাদক ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের কথা জানান। পাশাপাশি মাজারকেন্দ্রিক একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নেরও ঘোষণা দেন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন দুই মাজারকে ঘিরে প্রশাসনের এসব পদক্ষেপ নিয়ে আলোচনা চলাকালেই হঠাৎ করে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো, যা নতুন করে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪