শাহপরান মাজারে ডিসি সারওয়ার: আয়-ব্যয়ে স্বচ্ছতা, মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স স্থাপন ও দানের ডেগ সিলগালা করার পর এবার হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে শাহপরান (রহ.) মাজার মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এ সময় মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, ওলি-আউলিয়ারা এ অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে গেছেন এবং তাদের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করে। তাই এসব ধর্মীয় স্থাপনার উন্নয়ন ও ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও পরিকল্পিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, মাজারকেন্দ্রিক একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা দরকার। যেখানে মেডিকেল সেন্টার, নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, নিরাপত্তা জোরদার এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

দান ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানুষ তাদের দানের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় হোক এবং এর সুষ্ঠু হিসাব থাকুক, সেটাই প্রত্যাশা করে। এজন্য দানের অর্থ সংগ্রহ ও ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, মাজারের আয়ের অর্থ সরকার গ্রহণ করবে না; বরং সেই অর্থ মাজার ও সংশ্লিষ্ট জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। পাশাপাশি দানের অর্থ সরাসরি হাতে গ্রহণ না করে নির্ধারিত দানবাক্সে সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাজারে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের প্রসঙ্গে ডিসি বলেন, পবিত্র ধর্মীয় স্থানে মদ, গাঁজা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। মাজার এলাকায় কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, মাজারে আগত মানুষ যেন একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করছে। ওলি-আউলিয়াদের শিক্ষা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই প্রশাসনের উদ্দেশ্য।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে মাজারে থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসন। নিরাপত্তা জোরদারে সেখানে আনসার সদস্যও মোতায়েন করা হয়। তবে প্রশাসনের এ পদক্ষেপ নিয়ে মাজারের একাংশ ভক্তদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪