সিলেট মহানগরীর সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম ও মিটু জাল কাগজপত্র প্রস্তুত করে জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে সিলেট সদর সাবরেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে দলিল জমা দেন। দলিল যাচাই-বাছাইয়ের একপর্যায়ে নথিপত্রে অসঙ্গতি ধরা পড়লে সাবরেজিস্ট্রারের সন্দেহ হয়।
পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করে রাখা হয় এবং জেলা প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লা খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি লোকমান মিয়া বলেন, আটক ব্যক্তিরা সদর দলিল লেখক সমিতির কোনো সদস্য নন এবং তারা পেশাদার দলিল লেখকও নন। এখানে কর্মরত দলিল লেখকদের কেউ তাদের চেনেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দালাল হিসেবে কাজ করতেন।
তিনি আরও বলেন, জাল দলিল তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, জমি রেজিস্ট্রির ক্ষেত্রে জালিয়াতি প্রতিরোধে দলিল যাচাই প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।








