নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে সিলেটসহ দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানায়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ নতুন নির্দেশনা বাস্তবায়নে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।









