২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছর থেকে কোনো ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকলে ওই হিসাবধারীকে আর আবগারি শুল্ক দিতে হবে না।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এ ঘোষণা দেন।
বর্তমানে কোনো ব্যাংক হিসাবে তিন লাখ টাকা পর্যন্ত জমা থাকলে আবগারি শুল্ক থেকে অব্যাহতি পাওয়া যায়। নতুন প্রস্তাবে সেই সীমা এক লাখ টাকা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ফলে স্বল্প সঞ্চয়কারী গ্রাহকদের ওপর আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্ধারিত সীমা অতিক্রম করলে বছরে একবার আবগারি শুল্ক কাটা হবে। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা থাকলেও এখন থেকে প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে শুল্ক কাটা হবে না। একটি ঋণ হিসাবের বিপরীতে মাত্র একবার আবগারি শুল্ক আরোপ করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা এবং ব্যাংকিং সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে শুল্ক অব্যাহতির সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ঋণ হিসাবের ক্ষেত্রে একাধিকবার শুল্ক কেটে নেওয়ার প্রচলিত ব্যবস্থাও সংশোধন করা হচ্ছে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে ঋণ ও অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।








