সিলেটের বিশ্বনাথ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগের ধারাবাহিকতায় এই কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুয়েল, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সিনিয়র সহ-সভাপতি গৌছ মিয়া, ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন তালুকদার, বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, জাকারিয়া আহমদ, আকবর আলী, রাকিব আলী, সমুজ আলী ও মনির হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।









