মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে তার নিজ গ্রাম ভোলা সদর উপজেলার কোড়ালিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলার হেলিপ্যাডে পৌঁছায়। পরে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়।

এ সময় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হেলিপ্যাড ও জানাজাস্থলে ভিড় করেন দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।

জানাজা শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪