শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে জটিলতা কাটিয়ে অবশেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষার্থী শাহীন আহমেদ।
জানা যায়, ফরম পূরণের সময় রেজিস্ট্রেশন কার্ডে বিভাগসংক্রান্ত ভুলের কারণে শাহীনের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। মানবিক বিভাগের শিক্ষার্থী হলেও তার নাম বিজ্ঞান বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, ফলে ফরম পূরণে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে গত ২৯ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে লিখিত আবেদন করলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। শিক্ষামন্ত্রীর নির্দেশে সিলেট শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) বোর্ডে ডেকে শাহীনের ফরম পূরণ ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বোর্ডের তত্ত্বাবধানে শাহীনের ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে। ফলে সে এখন মানবিক বিভাগ থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে।
শাহীন আহমেদ কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নবম শ্রেণি থেকে মানবিক বিভাগে অধ্যয়নরত থাকলেও রেজিস্ট্রেশন সংক্রান্ত ত্রুটির কারণে সে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে।
সব জটিলতা কাটিয়ে এখন সে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এ বিষয়ে শাহীন আহমেদ জানান, রেজিস্ট্রেশন কার্ডে ভুল দেখে প্রথমে হতাশ হয়ে পড়েছিলেন। পরে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করার পর দ্রুত সমাধান হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








