সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরির দুটি ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত (২৮ মার্চ) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে সংঘটিত এসব ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া জামে মসজিদের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা মসজিদের দুটি দানবাক্স নিয়ে যায়। পাশাপাশি মসজিদের হুজরার তালা ভেঙে ভেতরে ঢুকে ইমামের ব্যবহৃত মালামাল এলোমেলো করে ফেলে।
অন্যদিকে একই রাতে পশ্চিম শ্বাসরাম গ্রামে অবস্থিত ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ ওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছরমউদ্দিন আউলিয়ার মাজারেও চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মাজারের দানবাক্সের চেইন কেটে সম্পূর্ণ বাক্সটি নিয়ে যায়।
সরুয়ালা ননকীপাড়া গ্রামের বাসিন্দা অলি আহমদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে মসজিদের গেটের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এবং দানবাক্স চুরি করে নিয়ে যায়।
পশ্চিম শ্বাসরাম গ্রামের নুরুজ আলী বলেন, ফজরের নামাজ শেষে মাজারের বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে তিনি দানবাক্সটি চুরি হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, “ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে এবং এলাকায় টহল জোরদার করা হবে।”





