টিকটক করতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল কিশোরীর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নরসিংদীর মাধবদীতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কাঠালিয়া ইউনিয়নের কান্দাপাড়া ফজুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা আক্তার স্থানীয় ফজুরকান্দি গ্রামের প্রবাসী শাহ আলম মোল্লার মেয়ে। তিনি পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মেঘলা তার তিন বান্ধবীকে সঙ্গে নিয়ে গ্রামের একটি পুকুরপাড়ে টিকটক ভিডিও করতে যায়। ভিডিও ধারণের এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তার পা পিছলে যায় এবং সে পুকুরে পড়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা বান্ধবীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন, তবে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ ফুট গভীর ওই পুকুরে প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাধবদী ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, টিকটক করার সময়ই অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪