সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনরায় উপেক্ষা করেছে বিএনপি : মুনতাছির আলী

Ayas-ali-Advertise
সংস্কার পরিষদে শপথ না নিয়ে জনরায়কে উপেক্ষা করেছে বিএনপি
সংস্কার পরিষদে শপথ না নিয়ে জনরায়কে উপেক্ষা করেছে বিএনপি
Facebook
Twitter
WhatsApp

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও পরে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে বিএনপি জনগণের রায়কে অবহেলা করেছে। তিনি মনে করেন, জনগণ গণভোটে যে সিদ্ধান্ত দিয়েছে তা সম্মান করা সকল রাজনৈতিক দলের দায়িত্ব।

রোববার (৮ মার্চ) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুনতাছির আলী বলেন, বাসিয়া নদী রক্ষার বিষয়ে সরকারের আন্তরিকতা প্রমাণ করতে হলে আগে দলীয় নেতাকর্মীদের নিজেদের দখলে থাকা অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হবে। এতে সাধারণ মানুষ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বনাথে পৌরসভা থাকলেও নাগরিকদের দেওয়া করের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে তা স্বচ্ছভাবে জানানো হচ্ছে না। পৌর প্রশাসনের উচিত নিয়মিতভাবে জনগণকে এসব বিষয়ে অবহিত করা।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪