বিশ্বনাথের কৃতি সন্তান ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ মরহুম নেছার আহমদের স্মরণে যুক্তরাজ্যের লন্ডনে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আশরাফ আলী।
কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ আহমেদ ও আজম খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন-এর সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি একেএম এহিয়া, সহসভাপতি প্রফেসর নুরুল ইসলাম, ট্রেজারার মাসুক আহমদ, বিশিষ্ট সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, সমাজসেবক আজাদ বক্স চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান, এ কে সেলিম ও মির্জা আছাব বেগ, সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রহমত আলী, সাবেক ব্যাংকার আব্দুল গনি, অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ, দাতা পরিবারের আলতাব মিয়া ও আফাজ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, অধ্যক্ষ নেছার আহমদ ছিলেন একজন দক্ষ ও দূরদর্শী শিক্ষানুরাগী। শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় তাঁর পেশাদারিত্ব ছিল প্রশংসনীয়। তিনি দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কলেজ পরিচালনা করে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী মরহুমের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, ১৯৯০ সালে তারা একসঙ্গে যুক্তরাজ্যে আসেন। পরবর্তীতে দেশের প্রতি গভীর ভালোবাসা ও শিক্ষার প্রসারে কাজ করার অদম্য ইচ্ছা থেকে নেছার আহমদ দেশে ফিরে গিয়ে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানকে সাফল্যের পথে এগিয়ে নেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্মরণে কলেজে একটি স্থায়ী প্রকল্প গ্রহণের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ জয়নাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট আরিফ আলী, শায়েস্তা মিয়া, মাস্টার আব্দুল মুকিদ, আশিকুর রহমান, আসাদুর রহমান, মোহাম্মদ আলী মজনু, সায়েক আহমেদ, জামাল খান, মানিক মিয়া, শামীম আহমদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান, নুরে আলম, খালেদা মাসুদ রনি, আতিকুর রহমান, জিলু খান, ফয়ছল আহমদ, আশিক আলী ও কামরুজ্জামান প্রমুখ।
অধ্যক্ষ নেছার আহমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর বড় ভাই ও সাবেক কাউন্সিলর নুরউদ্দিন আহমেদ। তিনি শোকসভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি আশরাফুর রহমান ও মাওলানা জালাল উদ্দিন কালারুকী।





