২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার।

এসব মামলা প্রত্যাহার হলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাবেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনার লক্ষ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়।

পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আবেদন আহ্বান করা হয়। দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি মোট ৩৯টি সভা করে মামলাগুলো যাচাই-বাছাই করে।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪