সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও সর্বশেষ মডেলের ছয়টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ তল্লাশির সময় এসব পণ্য উদ্ধার করা হয়।
সহকারী কাস্টমস কর্মকর্তা মো. মুমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার যাত্রী মো. আবু তৌহিদকে আটক করা হয়। তল্লাশিতে তার লাগেজ থেকে বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও তিনটি আইফোন ১৭ প্রো পাওয়া যায়।
অভিযানের সময় আরও একজন যাত্রী তল্লাশির মুখে তার লাগেজ ফেলে পালিয়ে যান। পরে সেই লাগেজ পরীক্ষা করে আবু তৌহিদের মতোই পরিমাণ সিগারেট এবং আরও তিনটি আইফোন উদ্ধার করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
কাস্টমস জানায়, উদ্ধার করা সিগারেট ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা। প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পর যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।








